ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবকের নাম রুবেল (৩১), তিনি শ্যামকুড় মাঠপাড়ার মজিবুল খানের ছেলে। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনা সোমবার দিবাগত রাত ১১টার দিকে ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, ওই রাতে কয়েকজন বাংলাদেশি যুবক গরু আনতে মহেশপুর উপজেলার শ্যামকুড় লড়াইঘাট সীমান্তের ৬০/১৫০ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন।
এ সময় বিএসএফের টহলদল রাবার বুলেট ছুড়লে রুবেল আহত হন। তার সঙ্গীরা তাকে প্রথমে জীবননগর হাসপাতালে এবং পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বলেন, ‘শ্যামকুড় মাঠপাড়া গ্রামের রুবেল নামের এক ছেলে সীমান্তে গুলি লাগার বিষয়টি শুনেছি।’

