২০২০ সালে আব্রাহাম চুক্তি স্বাক্ষরের পর ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সামরিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা সম্প্রতি ফাঁস হওয়া গোপন নথিতে উঠে এসেছে।
নথি অনুযায়ী, হুতি বাহিনীর ড্রোনের আশঙ্কায় ইসরায়েলের এলবিট সিস্টেমস প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতকে শত কোটি ডলারের ড্রোন ও নজরদারি ব্যবস্থা সরবরাহের প্রস্তাব দেয়। ২০২২ সালের ১৭ জানুয়ারি আবুধাবিতে হুতিদের হামলায় ৩ জন নিহত হওয়ার পর আমিরাতের আকাশ প্রতিরক্ষার দুর্বলতা প্রকাশ পায়।
প্রাথমিকভাবে ১৮০ মিলিয়ন ডলারে ৬টি হার্মিস ৯০০ ড্রোন ও গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন সরবরাহের প্রস্তাব ছিল, তবে পরবর্তীতে আমিরাত ৪৫টি ড্রোনসহ ১৫টি ব্যবস্থা কেনার ইঙ্গিত দেয়, যার আনুমানিক মূল্য ১ দশমিক ৩ বিলিয়ন ডলার।
ফাঁস হওয়া নথিতে উল্লেখ রয়েছে যে, আমিরাত সংকেত গোয়েন্দা তথ্য গ্রহণ, সাইবার যুদ্ধ ও ইলেকট্রনিক নজরদারিতে সক্ষম চারটি বিশেষ বিমান কেনার বিষয়ে আগ্রহী ছিল। এছাড়া, 'জাসমিন ৩' নামের একটি গোপনীয় প্রকল্পের মাধ্যমে ৬,০০০ উপাদান তৈরির পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।
নথির নিরাপত্তায় গাফিলতির প্রমাণ পাওয়া গেছে, কারণ এলবিটের সিইও ও অন্যান্য কর্মকর্তারা ব্যক্তিগত জিমেইল ব্যবহার করে বার্তা আদান-প্রদান করেছিলেন। পরবর্তীতে ইরানি হ্যাকার গ্রুপ এই তথ্যগুলো চুরি করে ইন্টারনেটে প্রকাশ করে।

