দেশে সর্বোচ্চ খাদ্য মজুত রয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ কার্ডধারী নিম্ন আয়ের পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করা হচ্ছে।
সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে খাদ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মাভাবের সময়ে নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে গত ১ আগস্ট থেকে চাল বিতরণ শুরু হয়েছে।
এই কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল—এই ছয় মাস প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন। প্রতি কেজি চালের মূল্য ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় জানায়, দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি দূর করা এবং বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টির উন্নয়নের লক্ষ্যে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল বিতরণ করা হচ্ছে।
এছাড়া সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্র থেকে খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে। ২ আগস্ট পর্যন্ত দেশে মোট খাদ্য মজুতের পরিমাণ ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন।

