বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৩, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ৩, ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ

রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে সংসদকে গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর

রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে সংসদকে গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর

জাতীয় সংসদকে রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা অত্যন্ত দুঃখজনক।

সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এই সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত ভোটাধিকারের ভিত্তিতে জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে। বর্তমানে সংসদে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় সংসদ পরিচালনা করছে। তিনি সংসদকে রাজনীতির মূল কেন্দ্র বানানোর ওপর জোর দেন।

জহির উদ্দিন স্বপন বলেন, শহীদদের স্মরণ করতে এসেও রাজনীতিকে কৃত্রিমভাবে রাজপথে নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে। তিনি সুশাসন ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন এবং বলেন, বর্তমান সরকার নির্বাচিত সংসদের মাধ্যমে জুলাই সনদের শতভাগ বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। সভায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।