দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে টানা দুই দিন বন্ধ থাকার পর রোববার (২ আগস্ট) রাত দেড়টার দিকে ইউনিটটি চালু করা হয়। বর্তমানে এ ইউনিট থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত দেড়টার দিকে ইউনিটটি পুনরায় চালু করা হয়। চালুর পর থেকেই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
এর আগে শনিবার ভোর ৫টা ৫০ মিনিটে ইউনিটটিতে আকস্মিক যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। ত্রুটি দেখা দেওয়ার আগে ইউনিটটি থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।
বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট চালু রয়েছে। ওই ইউনিট থেকে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।

