বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৪, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ৩, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ

আড়াইহাজারে পুকুর থেকে উদ্ধার হলো লুট হওয়া শটগান

আড়াইহাজারে পুকুর থেকে উদ্ধার হলো লুট হওয়া শটগান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে এসেছে থানা থেকে লুট হওয়া একটি শটগান। সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর গ্রামের রেজাউল নামে এক ব্যক্তির পুকুর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেজাউলের পুকুরে জেলেরা জাল ফেলে মাছ ধরছিলেন। একপর্যায়ে জালে ভারী একটি বস্তু আটকে যায়। পরে জাল টেনে ওপরে তুললে তারা একটি শটগান দেখতে পান। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা আড়াইহাজার থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করে এবং জব্দ তালিকা প্রস্তুত করে শটগানটি পুলিশি হেফাজতে নেয়।

আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম জানান, উদ্ধার হওয়া শটগানটি আড়াইহাজার থানা পুলিশের নিজস্ব অস্ত্র। অস্ত্রটির বাঁট নম্বর ৬৫১।

পুলিশ জানায়, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানার কয়েকটি অস্ত্র লুট হয়েছিল। উদ্ধার হওয়া শটগানটি ওই সময় লুট হওয়া অস্ত্রগুলোর একটি।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, পুকুর থেকে উদ্ধার হওয়া শটগানটি থানার লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে। অস্ত্রটি থানার মালখানায় সংরক্ষণের জন্য নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।