বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ৩, ২০২৬, ১:৪৬ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ২, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তির আবেদন ১১ নভেম্বর থেকে শুরু, পরীক্ষা ডিসেম্বরে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তির আবেদন ১১ নভেম্বর থেকে শুরু, পরীক্ষা ডিসেম্বরে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগামে ভর্তির জন্য অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫টি ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচিও ঘোষণা করেছে।

রোববার (২ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এবারের ভর্তি পরীক্ষা ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’, ‘বিজ্ঞান’, ‘ব্যবসায় শিক্ষা’, ‘চারুকলা’ এবং ‘আইবিএ’—এই ৫টি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

ঘোষিত সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের পরীক্ষা ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার কাঠামো আগের ধারাবাহিকতা অনুযায়ী থাকবে। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

ভর্তির জন্য আবেদনকারীদের ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৬ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনিটভেদে জিপিএর ন্যূনতম যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য দুই পরীক্ষার জিপিএর যোগফল ন্যূনতম ৮.০ এবং আলাদাভাবে ৩.৫ থাকতে হবে।