সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সাহসী সিদ্ধান্ত নিতে কালেক্টিভলি ব্যর্থ হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের পর সরকারে এসেছিল, তবে তাদের বিষয়ে সমালোচনা রয়েছে।
তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কারণে সরকার কোনো উদ্যোগ নিতে গেলে জটিলতা সৃষ্টি হতো। আসিফ মাহমুদ বলেন, 'মানুষের মধ্যে দীর্ঘদিনের শোষণ বঞ্চনা অত্যাচার নিপীড়নের ফলে যে বিক্ষুব্ধ মনোভাব তৈরি হয়েছিল সেটার জন্য শুধু একটা স্ফুলিঙ্গ দরকার ছিল।' তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থান সেই স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে।
আসিফ মাহমুদ আরও বলেন, 'আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা ছিল, সেখানে আমরা গোছাতে পারিনি।' তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে অনেকেই একে অপরের দোষ দেখছেন।

