সরকারের সমালোচনা অপরাধ নয়, তবে রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ হিসেবে গণ্য হবে, বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন। তিনি রোববার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতা এখন রাষ্ট্রব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে, যদিও এটি সংবিধানিকভাবে রাষ্ট্রের কোনো অঙ্গ নয়। তিনি উল্লেখ করেন, সাংবাদিকতার দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ বা সত্য অনুসন্ধানে সীমাবদ্ধ নয়; বরং সেই সত্য জনকল্যাণে কাজে লাগানোও গুরুত্বপূর্ণ।
জহির উদ্দীন স্বপন আরও বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আধুনিক শাসনব্যবস্থায় রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ উপকরণ। রাষ্ট্রীয় ক্ষমতা জনকল্যাণে ব্যবহৃত হবে নাকি নিপীড়নের হাতিয়ার হবে, তা শাসকের উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। তিনি জবাবদিহি নিশ্চিত না হলে রাষ্ট্র পরিচালনা কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন নিউ এজের সম্পাদক নুরুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান। এতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

