বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, রাষ্ট্র ও ক্ষমতাবানকে প্রশ্ন করা এবং তাদের জবাবদিহিতার মধ্যে রাখা সাংবাদিকতার মূল কাজ। তিনি এ মন্তব্য করেন রোববার (২ আগস্ট) গাজীপুরে অনুষ্ঠিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায়।
গাজীপুর জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাসস'র ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
কাদের গনি চৌধুরী বলেন, ‘সত্য বলার সাহসিকতাই সাংবাদিকতার মূলমন্ত্র। গণমাধ্যমের জন্য দরকার সৎ, সত্যনিষ্ঠ, পক্ষপাতমুক্ত সাংবাদিকতা।’ তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অভাব দেখা যাচ্ছে।
তিনি বলেন, দলবাজি, অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতা সাংবাদিকদের মর্যাদা ক্ষুণ্ন করছে। বিএফইউজের মহাসচিব বলেন, ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে।’
কাদের গনি চৌধুরী আরও বলেন, ‘গণমাধ্যমের পরাজয় মানে জনগণের পরাজয়, জনগণের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয়।’ তিনি গণমাধ্যমকে পরাজিত হতে না দেওয়ার আহ্বান জানান।

