ঢাকার চারপাশের চক্রাকার নৌপথে বেসরকারি উদ্যোগে ওয়াটার বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। সড়ক ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, নগরবাসীর যাতায়াত সহজ করার পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদনের বিকাশে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী রোববার (২ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে পরিকল্পনা চূড়ান্ত করে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। ধাপে ধাপে ওয়াটার বাস চালু করা হবে।
শেখ রবিউল আলম জানান, আশুলিয়া থেকে সদরঘাট হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত নদীপথের কিছু অংশ যাত্রী পরিবহনের জন্য উপযোগী হলেও অন্যান্য অংশে প্রতিবন্ধকতা রয়েছে। সড়কপথে দ্রুত গন্তব্যে পৌঁছানো সম্ভব হওয়ায় নদীপথে যাত্রী আকর্ষণ করা কঠিন হয়ে পড়ে।
মন্ত্রী বলেন, অতীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ওয়াটার বাস পরিচালনা করলেও যাত্রী স্বল্পতা, নদীদূষণ এবং পরিচালন ব্যয়ের কারণে গত ১০ বছরে প্রায় ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে। ফলে সেবাটি বন্ধ হয়ে যায়।
নদীদূষণকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নদী পরিষ্কার না থাকলে মানুষ নদীপথে যাতায়াতে আগ্রহী হবে না। এজন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নদী পরিষ্কার এবং নৌপথকে আকর্ষণীয় করে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, ওয়াটার বাসের চলাচলে নিচু সেতুর সমস্যা রয়েছে। সড়ক সেতু উঁচু করার পরিকল্পনা নেওয়া হবে এবং বিকল্প ব্যবস্থা হিসেবে যাত্রীদের এক পাশ থেকে নেমে অন্য পাশে গিয়ে পুনরায় ওয়াটার বাসে ওঠার ব্যবস্থা বিবেচনা করা হচ্ছে।

