রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকায় স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে হৃদয় ওরফে শিপন নামে এক যুবকের বিরুদ্ধে। নিহতরা হলেন- রাত্রি (২০) ও তার মা ফিরোজা বেগম (৩৫)।
রোববার (০২ আগস্ট) সকাল ৯টার দিকে কাঠালবাগান থানার কিচের রোডের আল আমিন মসজিদের পাশে একটি পাঁচতলা ভবনে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শাশুড়ি ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর মেয়ে রাত্রি ঘটনাস্থলেই মারা যান।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলে আশিক কালবেলা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৯টার দিকে কলাবাগান থানার আলামিন মসজিদের ৫২ নাম্বার বাসার পঞ্চম তলায় স্ত্রী রাত্রির সঙ্গে কথা কাটাকাটি হয় শিপনের। পরবর্তীতে শাশুড়ি ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিলে শিপন ছুরি দিয়ে তাদের আঘাত করেন।
এ ঘটনায় রাত্রি ঘটনাস্থলে মারা যান এবং ফিরোজা বেগমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, রাত্রির সঙ্গে শিপনের ডিভোর্স হয়ে গিয়েছিল, তবে তারা একসঙ্গে থাকতেন। হত্যাকারী শিপন বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

