স্টাফ রিপোর্টার :
জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ ওসমান বিন হাদী হত্যার সুষ্ঠু বিচার এবং ‘জুলাই সনদ’ ও গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গাইবান্ধা পৌর পার্কের শহীদ মিনার চত্বরে গণমিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা রাজনৈতিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম এমপি এবং সঞ্চালনা করেন জেলা ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর মো. আব্দুল করিম এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, অধ্যাপক মো. মাজেদুর রহমান এমপি, জেলা সহকারী সম্পাদক ও জামায়াত মনোনীত পৌরসভা মেয়র প্রার্থী মো. ফয়সাল কবির রানা, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি নুরুন্নবী প্রধান, জেলা ওলামা সভাপতি মাওলানা সাইদুর রহমান এবং ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সম্পাদক মো. ফাহিম মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর মো. আব্দুল করিম এমপি বলেন, “জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া সময়ের দাবি। একই সঙ্গে গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও গাইবান্ধা পৌর আমীর অধ্যাপক এ.কে.এম. ফেরদৌস আলম, জেলা শূরা সদস্য ও সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, সুন্দরগঞ্জ উপজেলা আমীর শহিদুল ইসলাম মঞ্জু, গোবিন্দগঞ্জ উপজেলা আমীর আবুল হোসেন, সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহীম হোসাইন, ফুলছড়ি উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম আকন্দসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

