চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ৪০০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে ভোলাহাট থানাধীন দলদলী ইউনিয়নের ঘাইবাড়ি গ্রামে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন—ঘাইবাড়ি গ্রামের মৃত শরিফুল ইসলাম শরীফের ছেলে *মোহাম্মদ তহুরুল (৩০)* এবং সাইফুদ্দিন মাস্টারের ছেলে *মো. রেজাউল (৪০)*।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘাইবাড়ি গ্রামে তহুরুলের বাড়ির ভেতরের একটি অটো চার্জার গ্যারেজে অভিযান চালায় পুলিশ। এ সময় অটো রিকশার চালকের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০০ বোতল মাদকদ্রব্য স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই স্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। অভিযান চলাকালে হাতেনাতে অটোচালক তহুরুল এবং তার সহযোগী রেজাউলকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান,
> “গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এই চক্রের সাথে জড়িত অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

