বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ৩১, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ

সড়ক দুর্ঘটনায় চিকিৎসক শান্ত চন্দ্র শীলের মৃত্যু, নবদম্পতির স্বপ্ন ভেঙে গেল

সড়ক দুর্ঘটনায় চিকিৎসক শান্ত চন্দ্র শীলের মৃত্যু, নবদম্পতির স্বপ্ন ভেঙে গেল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলায় শুক্রবার (৩১ জুলাই) দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চিকিৎসক শান্ত চন্দ্র শীল (৩২) নিহত হয়েছেন। তিনি রাজধানী ঢাকা থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে মোটরসাইকেলে করে রওনা হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি লরি পেছন থেকে একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে শান্ত চন্দ্র শীলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় শান্ত ও তার স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শান্ত চন্দ্র শীলকে মৃত ঘোষণা করেন।

শান্ত চন্দ্র শীল লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার চৌপল্লী গ্রামের কৃষ্ণ চন্দ্র শীলের একমাত্র ছেলে। মাত্র কয়েক মাস আগে তার বিয়ে হয়েছিল। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

হাইওয়ে পুলিশ জানায়, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শান্তের মৃত্যুতে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, শান্তর নববধূর জীবনে নেমে এসেছে গভীর অন্ধকার। মাত্র কয়েক মাসের সাজানো সংসার ও একটি পরিবারের স্বপ্ন সড়ক দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে ভেঙে গেছে।