গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে লাবিবুল আল হাসান (১০) ও রায়হান ইসলাম রাব্বি (১২) নামে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার মোক্তারপুর এলাকার চরসিন্দুর ব্রিজসংলগ্ন এ ঘটনা ঘটে।
নিহত লাবিবুল আল হাসান মোক্তারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. আতাউর শেখের ছেলে এবং রাব্বি কাপাসিয়া উপজেলার দড়িনাসেরা গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে। তারা স্থানীয় একটি মাদ্রাসায় অধ্যয়নরত ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বন্ধু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তিনজন তীরে ফিরে এলেও লাবিব ও রাব্বির কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে স্থানীয় লোকজন নদীতে তল্লাশি শুরু করলে দুই শিশুকে উদ্ধার করা হয়, কিন্তু তাদের শরীরে আর প্রাণের স্পন্দন ছিল না।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এ ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় দুই পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয় এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

