দলে সুযোগ না পাওয়ার হতাশায় আত্মহত্যা করেছেন ১৭ বছর বয়সী ভারতীয় নারী ক্রিকেটার অদিতি চৌখাণ্ড। বুধবার (২৯ জুলাই) রাতে নাগপুরের লক্ষ্মী নগর এলাকায় তার মৃত্যু ঘটে। এ ঘটনায় শোক নেমে এসেছে মহারাষ্ট্রের ক্রিকেটাঙ্গনে এবং স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
অদিতি মা ও ভাইয়ের সঙ্গে নাগপুরে বসবাস করতেন। তার বাবা মহারাষ্ট্র সরকারের পূর্ত দপ্তরের ঠিকাদার। এ বছর উচ্চমাধ্যমিক পাস করা অদিতি নিয়মিতভাবে ক্রিকেট অনুশীলন করতেন তার ভাই প্রবাল চৌখাণ্ডের সঙ্গে।
পুলিশের তথ্য অনুযায়ী, অদিতি মৃত্যুর আগে একটি চিঠি রেখে গেছেন, যেখানে তিনি দলে সুযোগ না পাওয়ার কারণে হতাশা প্রকাশ করেছেন। তিনি তার ভাই প্রবালকে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করার শুভকামনা জানান।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে দলে সুযোগ না পাওয়ার হতাশা এই আত্মহত্যার পেছনে কারণ হতে পারে। তদন্তে দেখা হবে কেন তিনি বারবার দলে সুযোগ বঞ্চিত হচ্ছিলেন।

