আশুলিয়ায় একটি দোকানের সামনে পড়ে থাকা একটি ব্যাগ থেকে ‘প্রেশার কুকার বোমা’ উদ্ধার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করেন।
শুক্রবার (৩১ জুলাই) বেলা ৩টার দিকে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় বিস্ফোরক দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকার ‘জয়ী জেনারেল স্টোর’ নামের একটি চায়ের দোকানের সামনে স্থানীয়রা একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান। ব্যাগটি দীর্ঘ সময় পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয় এবং পরে ব্যাগটি খুলে ভেতরে প্রেশার কুকার আকৃতির একটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।
মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করেন। শুক্রবার সকাল ৬টা ২২ মিনিটে পাশের একটি খোলা মাঠে নিয়ে মাটিতে গর্ত করে প্রেশার কুকারটি সেখানে রাখা হয় এবং বিশেষ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বোমাসদৃশ বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। উল্লেখ্য, এর আগে ২৪ জুলাই রাতে রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ‘পাইপ বোমা’ উদ্ধার করা হয়েছিল।

