বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: জুলাই ৩১, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ৩১, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ

টেকনাফে নৌকাডুবি, ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা

টেকনাফে নৌকাডুবি, ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবির ঘটনায় স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করেছেন। তবে কতজন নিখোঁজ রয়েছে, তা নির্দিষ্টভাবে জানা যায়নি।

শুক্রবার (৩১ জুলাই) সকালের দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন পশ্চিম পাড়া সাগরে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তিরা মিয়ানমার থেকে বাংলাদেশে আসার পথে নৌকাডুবির শিকার হন। পরে স্থানীয় জেলেরা উদ্ধার করা ১৮ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে হস্তান্তর করেন।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, সীমান্তের ওপারে মিয়ানমার রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সংলগ্ন সাগরে একটি নৌকা ডুবে যায়। স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

শাহপরীর দ্বীপের স্থানীয় জেলে হাসান আলী বলেন, উদ্ধার হওয়া ১৮ জনের মধ্যে কয়েকজন তাকে জানিয়েছেন, তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে বিভিন্ন সময় মিয়ানমারের রাখাইনে যুদ্ধ করতে গিয়েছিলেন।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম অনীক চৌধুরী জানান, নৌকা ডুবির ঘটনা সম্পর্কে তিনি শুনেছেন, তবে বিস্তারিত জানেন না।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়কের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।