অ্যাপলের নতুন আইফোন নিয়ে আগ্রহের শেষ নেই। আনুষ্ঠানিক ঘোষণা আসতে এখনো কিছুটা সময় বাকি থাকলেও, বিভিন্ন বিশ্লেষক ও ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে আইফোন ১৮ প্রো ম্যাক্স সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। যদিও সব তথ্য নিশ্চিত নয়, তবে সম্ভাব্য ফিচারগুলো প্রযুক্তিপ্রেমীদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
বর্তমান তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বর ২০২৬-এ আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচন করতে পারে অ্যাপল। একই আয়োজনে প্রতিষ্ঠানটির প্রথম ফোল্ডেবল আইফোনও প্রকাশ হতে পারে বলে আলোচনা চলছে। নতুন মডেলের বাহ্যিক নকশায় বড় কোনো পরিবর্তন আসছে না; বরং আগের প্রজন্মের ডিজাইনের ধারাবাহিকতাই বজায় থাকবে।
নতুন আইফোনে সম্ভাব্য এ২০ প্রো চিপ ব্যবহারের কথা শোনা যাচ্ছে, যা অ্যাপলের প্রথম ২ ন্যানোমিটার প্রযুক্তির চিপ হতে পারে। এই চিপের উন্নত প্যাকেজিং প্রযুক্তির ফলে পারফরম্যান্স বাড়বে এবং বিদ্যুৎ খরচ কমবে বলে আশা করা হচ্ছে।
ক্যামেরায় ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি যোগ হতে পারে, যা কম আলোতে ছবি তোলার মান উন্নত করবে। এছাড়া, নতুন চিপের বিদ্যুৎ সাশ্রয়ী নকশার কারণে বড় ব্যাটারি ব্যবহার করেও দীর্ঘ সময় ব্যাকআপ পাওয়া যেতে পারে।
আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম আগের মডেলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে বিভিন্ন সূত্রের দাবি। তবে এ বিষয়ে অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ডিভাইসটির প্রকৃত বৈশিষ্ট্য জানা যাবে অ্যাপলের আনুষ্ঠানিক উন্মোচনের পরই।

