ঢাকা পল্লী বিদ্যুত সমিতি-৪ এর উদ্যোগে গ্রাহকসেবার মানোন্নয়ন এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থা জোরদারে দুটি পৃথক স্থানে উঠান বৈঠক ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) হাসনাবাদ জোনাল অফিস ও রুহিতপুর সাব-জোনাল অফিসের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হাসনাবাদ জোনাল অফিসের উদ্যোগে কোন্ডা ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন নুরুর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। একই দিনে রুহিতপুর ইউনিয়ন পরিষদে রুহিতপুর সাব-জোনাল অফিসের আয়োজনে আরেকটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকগুলোতে গ্রাহকদের সহযোগিতা কামনা করে নিরবচ্ছিন্ন, নিরাপদ ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিদ্যুৎ লাইনে গাছের ডালপালা, ছেঁড়া তার কিংবা অস্বাভাবিক শব্দ দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়।
এছাড়া, ট্রান্সফরমার চুরি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, বিদ্যুৎ বিলে অসঙ্গতি দেখা দিলে তা দ্রুত জানানো এবং অবৈধ হুকিং ও বিদ্যুৎ চুরি বন্ধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
নতুন বিদ্যুৎ সংযোগ ও লাইন নির্মাণের ক্ষেত্রে দালাল বা মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে সরাসরি অফিসের মাধ্যমে সরকারি রশিদে অর্থ জমা দিয়ে সেবা গ্রহণের আহ্বান জানানো হয়। কর্মকর্তারা গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং সেবার মান আরও উন্নত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

