বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: জুলাই ৩০, ২০২৬, ৯:১১ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ৩০, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ

বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা

বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা

মোহাম্মদ আসাদ :

জামালপুরের বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে নিজের সন্তানকে আইনের হাতে তুলে দিয়েছেন এক বাবা। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের রায়ে নাহিদ মিয়া (২২) নামের ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলার বাট্টাজোর ইউনিয়নের চন্দ্রবাজ গ্রামের বাসিন্দা গোলাম রাব্বানীর ছেলে নাহিদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের প্রভাবে প্রায়ই পরিবারে অশান্তি সৃষ্টি করতেন তিনি। ঘটনার দিন সকালে মাদক সেবনের পর হাতুড়ি দিয়ে পিটিয়ে বাবাকে আহত করেন বলে জানা গেছে।

নিজের ছেলেকে আইনের হাতে তুলে দেওয়ার কারণ জানাতে গিয়ে গোলাম রাব্বানী বলেন, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছেলের হাতে নিয়মিত নির্যাতনের শিকার হচ্ছিলেন তিনি। ঘটনার দিনও সকালে মাদক সেবনের পর তাকে মারধর করা হয়। আর সহ্য করতে না পেরে বাধ্য হয়েই ছেলেকে আইনের হাতে তুলে দেন বলে জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্টের মাধ্যমে নাহিদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।