মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুর পাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী বাজারে অতিরিক্ত খাজনা আদায় ও এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে বাজারের ইজারাদার মো: খোরশেদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। রবিবার (২৬ জুলাই) সকাল থেকে দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, ইজারাদার খোরশেদ নির্ধারিত হারের চেয়ে অনেক বেশি খাজনা আদায় করে থাকেন এবং প্রতিবাদ করলে দাঙ্গা-হাঙ্গামার হুমকি দেওয়া হয়। বক্তারা তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকারও অভিযোগ তোলেন। এতে বাজারের সাধারণ দোকানদাররা চরম অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে জানান তারা।
কর্মসূচিতে ব্যানার হাতে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা প্রশাসনের কাছে অভিযুক্ত ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কামালের বার্ত্তী বাজারের সকল ব্যবসায়ী বৃন্দ ও সাধারণ জনগণের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বাজারের দোকান মালিক-শ্রমিক ও এলাকাবাসীর একটি বড় অংশ অংশ নেন।

