ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১২ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে আটক করেছে স্থানীয়রা। উপজেলার ধরমন্ডল বাজারের কলাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধরমন্ডল বাজারের কলাপট্টিতে ব্যবসায়ী মো. ফেরদৌস মিয়ার দোকান থেকে এক ব্যক্তি কলা কিনে এক হাজার টাকার একটি নোট দেন। নোটটি হাতে নিয়ে ফেরদৌস মিয়ার সন্দেহ হলে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করেন।
খবর পেয়ে নাসিরনগর থানার এসআই মাহবুব আলম সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় তার দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমানের ১২টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ১২ হাজার টাকা।
আটক ব্যক্তির নাম মো. লিটন মিয়া (৩৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালি-শিমুল গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির কাছ থেকে একই সিরিজের এক হাজার টাকা মূল্যমানের ১২টি জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নাসিরনগর থানায় মামলা (এজাহার) দায়ের করা হয়েছে।

