সাতক্ষীরা সদর উপজেলার ৫ নম্বর শিবপুর ইউনিয়নের গোটাঘাটা মসজিদে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের পরিচালক ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক দাবি করেছেন, সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য গাজী নজরুলকে ঘিরে আলোচিত ঘটনার ওই তরুণী নিজেই এমপির সেবায় নিয়োজিত থাকার আবদার করেছিলেন।
গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ওই তরুণী বিয়ে না করে আজীবন এমপি গাজী নজরুলের সেবায় নিয়োজিত থাকার ‘চরম আবদার’ করেছিলেন। তিনি আরও বলেন, এমপি সাহেবের বড় স্ত্রীসহ সবাইকে ডেকে নিয়ে বসে দেখা গেছে যে, মেয়েটির আবদার ছিল, সে অন্য জায়গায় বিয়ে করবে না এবং যত দিন বাঁচবে, এমপি সাহেবকে সেবা করে যাবে।
মুহাদ্দিস আব্দুল খালেক জানান, মেয়েটির দাবির মুখে তাঁর মা-বাবা বাধ্য হয়ে বিবাহের ব্যবস্থা করেছেন, তবে তিনি এটিকে অসামাজিক কাজ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিয়েটা অনৈতিক নয়, তবে অসামাজিক। এই কারণে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গাজী নজরুলকে বহিষ্কার করা হয়েছে।
গণসংবর্ধনা অনুষ্ঠানে শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শহীদ হাসান ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশরাররফ হোসেন প্রমুখ।

