নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটের কারণে সিএনজি চালক, যাত্রী ও স্টেশন মালিকরা ভোগান্তিতে পড়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও অংশের ২০টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে ১৮টিতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষার চিত্র দেখা যায়। গ্যাসের অভাবে চালকরা কর্মঘণ্টা নষ্ট করছেন এবং তাদের দৈনিক আয়ও কমে যাচ্ছে।
স্থানীয় তিতাস অফিস জানিয়েছে, মহেশখালী গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহে সমস্যা সৃষ্টি হয়েছে। তারা দ্রুত সমস্যার সমাধানে কাজ করছে।
ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, জাতীয় গ্যাস গ্রিডে চাপ কমে যাওয়ার কারণে গ্যাস সরবরাহ স্বাভাবিকভাবে হচ্ছে না। কিছু স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
রতনদী এলাকায় মধুমতি ফিলিং স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ স্টেশন বন্ধ রয়েছে। যেসব স্টেশনে গ্যাস পাওয়া যাচ্ছে, সেখানেও চাপ কম থাকায় দ্রুত গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি মেঘনাঘাট শাখার ব্যবস্থাপক প্রকৌশলী সুরজিত কুমার সাহা বলেন, সারাদেশে গ্যাস সংকট চলছে এবং মহেশখালীর এলএনজি সরবরাহ বন্ধ হয়ে গেছে। আশা করা হচ্ছে, দ্রুত সমস্যার সমাধান হবে।

