ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ উঠেছে। দিল্লির একটি সরকারি হাসপাতালের চিকিৎসা প্রতিবেদনে কয়েকজন আহত বিক্ষোভকারীর শরীরে পেলেটের আঘাতের প্রমাণ পাওয়া গেছে। তবে দিল্লি পুলিশ এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
২০ জুলাই নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপি পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ করে। দলটির অভিযোগ, পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে এবং আন্দোলনকারীদের ওপর পেলেট গান ব্যবহার করা হয়েছে। দিল্লি পুলিশের দাবি, এসব অভিযোগ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
সফদরজং হাসপাতালের চিকিৎসা নথিতে ২৮ বছর বয়সী এক বিক্ষোভকারীর ডান কনুই ও পিঠে পেলেটের আঘাতের উল্লেখ রয়েছে। ওই ব্যক্তিকে ২০ জুলাই বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া, বিক্ষোভকারী সাহিল লোচাবের ডান চোখে পেলেটের গুলি লাগে বলে অভিযোগ রয়েছে। আহত ৬০ জন বিক্ষোভকারীর মধ্যে তিনি একজন।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সাহিলের মুখ, গলা, বুক, ডান কাঁধ ও হাতে একাধিক ছররা গুলির আঘাত রয়েছে। গুরুগ্রামের বাসিন্দা ২৫ বছর বয়সী শেখ মনসুরির মুখমণ্ডলে সাতটি ছররা গুলির আঘাত লেগেছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার রাতে এক ভিডিওবার্তায় বলেন, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে একটি বিল আগামী সপ্তাহে সংসদে উত্থাপন করা হবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

