রাজধানীর কাঁচাবাজারগুলোতে অতিবৃষ্টি, ক্ষেত নষ্ট হওয়া এবং পরিবহন ব্যবস্থার বিঘ্ন ঘটার কারণে সরবরাহ ঘাটতির সৃষ্টি হয়েছে। এর ফলে কাঁচা মরিচ, পেঁয়াজ, সবজি, মুরগি ও মাছসহ প্রায় সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেটসহ বিভিন্ন খুচরা বাজারে এ পরিস্থিতি দেখা গেছে। বাজারে বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম ২৮০ থেকে ৩০০ টাকা, টমেটো ১৬০ টাকা, গাজর ১৩০ টাকা, বরবটি ১২০ টাকা, করলা ১২০ টাকা, উচ্ছে ১৪০ টাকা, লম্বা বেগুন ১২০ টাকা, গোল বেগুন ১৬০ টাকা, শসা ১৪০ থেকে ১৬০ টাকা, কচুর লতি ১০০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, ঢ্যাঁড়শ ও চিচিঙ্গা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পেঁয়াজের দামও বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন আগে ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হওয়া পেঁয়াজ এখন ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের ডিমের ডজন ১৪০ টাকায় উঠেছে, যা আগে ছিল ১৩০ টাকা। মুরগির দামও বেড়ে ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২১০ টাকা এবং সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও দাম বেড়েছে। দুই থেকে আড়াই কেজি ওজনের রুই মাছ এখন ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি, যা কিছুদিন আগে ৩৫০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হতো। চাষের চিংড়ি ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
সরকারি চাকরিজীবী হায়দার আলী বলেন, “গত কিছুদিন ধরেই সবজির দাম বাড়তি যাচ্ছে। আজ এসে দেখছি, সবজির দাম আরও বেড়েছে। বাজারে ১০০ টাকার নিচে কোনো সবজি নেই।” রামপুরা বাজারের ক্রেতা মাসুদ রানা জানান, “সবজির দাম এত বেশি হলে মাছ, মাংস আর মুরগি কীভাবে কিনব?” বিক্রেতারা জানান, পাবনা, ফরিদপুর ও কুষ্টিয়া থেকে পেঁয়াজ আসে, তবে টানা বৃষ্টির কারণে গাড়ি বের হতে না পারায় দাম বৃদ্ধি পেয়েছে।

