দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মাত্র ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া বর্তমান সরকারের স্বচ্ছতা ও জবাবদিহির একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে নবনিয়োগপ্রাপ্ত ১৮৮ জন কর্মচারীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন। মন্ত্রী জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে নিয়োগ পাওয়া ১৮৮ কর্মচারীর আবেদন থেকে যোগদান পর্যন্ত মোট ব্যয় হয়েছে মাত্র ১১২ টাকা।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়ে আশার আলো দেখান দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা। তাই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন। তিনি নবনিয়োগপ্রাপ্ত কর্মীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানও অনুষ্ঠানে বক্তব্য দেন।

