আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি কেপ ভার্দের গোলরক্ষক জোসিমা ভোজিনহার পরিবারের চার সদস্যকে বিশ্বকাপ ফাইনালের ভিআইপি টিকিট উপহার দিয়েছেন। আর্থিক সংকটের কারণে তাদের স্টেডিয়ামে খেলা দেখা সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানার পর মেসি নিজ খরচে তাদের জন্য এই টিকিটের ব্যবস্থা করেন।
ভোজিনহার পরিবারকে ফাইনালের ভেন্যুতে আসার জন্য ভ্রমণের যাবতীয় খরচও বহন করেছেন মেসি। তারা গ্যালারিতে বসে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল উপভোগ করেন, যেখানে স্পেন ১-০ গোলে জয়ী হয়।
আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, মেসি তার প্রতিনিধিদের নির্দেশ দিয়েছিলেন যেন ভোজিনহার পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করা হয়। কেপ ভার্দে বিশ্বকাপে প্রথমবার অংশগ্রহণ করেই দারুণ লড়াই উপহার দেয়।
ভোজিনহা বিশ্বকাপে ৪০ বছর বয়সে ১৮টি সেভ করেন, যা ইতিহাসে উল্লেখযোগ্য। ম্যাচ শেষে মেসির সঙ্গে আবেগঘন মুহূর্তের কথা তুলে ধরেন ভোজিনহা। তিনি জানান, মেসি তাকে আলিঙ্গন করে বলেন, “তুমি অসাধারণ।”
ভোজিনহা মেসির জার্সি চাওয়ার পর মেসি তাকে আশ্বাস দেন যে সাক্ষাৎকার শেষ করে তিনি তাকে জার্সি দেবেন। মেসির এই উদ্যোগের ফলে ভোজিনহার পরিবার বিশেষ মুহূর্তের সাক্ষী হতে পেরেছে।

