বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: জুলাই ২৫, ২০২৬, ৪:২৫ পূর্বাহ্ণ প্রকাশ: জুলাই ২৩, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিংয়ে বিজিএমইএ ও জিআরআইর অংশীদারিত্ব

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিংয়ে বিজিএমইএ ও জিআরআইর অংশীদারিত্ব

বাংলাদেশের তৈরি পোশাক খাতে টেকসই ব্যবসায়িক স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানের সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ হয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই)। সম্প্রতি ‘ইমপ্রুভিং ট্র্যান্সপারেন্সি ফর সাসটেইনেবল বিজনেস’ (আইটিএসবি) উদ্যোগের আওতায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।

২০২৫ সালে শুরু হওয়া সহযোগিতার ধারাবাহিকতায় নতুন এই অংশীদারিত্বের মাধ্যমে বিজিএমইএ পোশাক খাতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল ব্যবসা পরিচালনায় নেতৃত্ব দেবে। ‘জিআরআই স্ট্যান্ডার্ডস’ অনুসরণ করে পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব শনাক্ত ও প্রকাশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা হবে।

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে বিশ্বস্ত সাসটেইনেবিলিটি রিপোর্টিংয়ের গুরুত্ব দিন দিন বাড়ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের রিপোর্টিং ক্রেতা, বিনিয়োগকারী ও নিয়ন্ত্রক সংস্থার তথ্যচাহিদা পূরণের পাশাপাশি দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণেও সহায়ক হবে।

আইটিএসবি উদ্যোগের আওতায় প্রশিক্ষণ, ওয়েবিনার, কর্মশালা ও সংলাপ আয়োজন করা হবে। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো জিআরআইয়ের বৈশ্বিক মানদণ্ড নির্ধারণী পরিষদের কাছে দেশের পোশাক খাতের বাস্তব অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরার সুযোগ পাবে।

জিআরআইয়ের চিফ অব স্ট্যান্ডার্ডস বাস্তিয়ান বাক বলেন, বিজিএমইএর সঙ্গে এই অংশীদারিত্ব বাংলাদেশের পোশাক খাতে স্বচ্ছতা ও ইমপ্যাক্টভিত্তিক রিপোর্টিং জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে আরও স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও ভবিষ্যৎ উপযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।