ইরানের ওপর হামলায় বি-১ বোমারু বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম অ্যাক্সিওসের খবরে এ তথ্য জানানো হয়েছে। গত ২১শে জুলাই রাতে ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলায় এই বিমানটি ব্যবহার করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ১২ দিন আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলা শুরু হওয়ার পর এই প্রথম বি-১ বোমারু বিমান ব্যবহার করলো যুক্তরাষ্ট্র।
এর আগে, গত ২৮শে ফেব্রুয়ারি প্রথম দফায় যুদ্ধ শুরুর পর ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলায় বি-২ বোমারু বিমান ব্যবহার করা হয়েছিল।
অ্যাক্সিওস জানিয়েছে, মার্কিন বি-১ বোমারু বিমানটি যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটি থেকে অভিযানে অংশ নিয়েছিল। এ ধরনের সামরিক বিমান প্রায় ৯০০ কিলোগ্রামের বেশি ওজনের ২৪টি বোমা কিংবা কয়েক ডজন ক্রুজ মিসাইল বহনে সক্ষম।
নতুন সংঘাতে বি-১ বোমারু বিমানের ব্যবহার ইঙ্গিত দিচ্ছে যে, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তবে, মার্কিন সামরিক বাহিনী মঙ্গলবারের হামলা নিয়ে যে বিবৃতি প্রকাশ করেছে, সেখানে বি-১ বোমারু বিমান ব্যবহারের বিষয়টি উল্লেখ করেনি।

