টাঙ্গাইলের মির্জাপুরে জুঁইযুঁথী ফিলিং স্টেশন থেকে কোদালিয়া খেয়াঘাট পর্যন্ত ১ কিলোমিটার দীর্ঘ সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের জন্য এই সড়ক এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন অন্তত ১০টি গ্রামের হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই পথ দিয়ে যাতায়াত করছেন।
সরেজমিনে দেখা যায়, সড়কের অধিকাংশ স্থানে খানাখন্দ ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে এসব খানাখন্দে পানি জমে যায়, যা চলাচলের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। অটোরিকশা, সিএনজি ও ভ্যান চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এই অবস্থায় গণপরিবহনও প্রতিদিন বিকল হচ্ছে।
শিক্ষার্থী, পোশাক কারখানার শ্রমিক ও মুমূর্ষু রোগীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন একাধিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শ্রমিকরা এই সড়ক ব্যবহার করেন। সড়কের করুণ দশার কারণে শ্রমিকদের কর্মস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে।
সাম্প্রতিক টানা বর্ষণের ফলে সড়কের বেশ কিছু অংশে নতুন ফেলা মাটি ধসে পড়েছে, যা কোদালিয়া খালের ওপর নির্মিত সেতুর নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে। স্থানীয় বাসিন্দা এমারত সিকদার অভিযোগ করেন, সড়কটির বেহাল দশা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন বলেন, সড়কটির বেহাল দশার বিষয়ে তারা অবগত রয়েছেন, তবে আপাতত ওই সড়কের জন্য কোনো বরাদ্দ নেই। ইউনিয়ন পরিষদ থেকে আবেদন প্রাপ্তি স্বাপেক্ষে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

