বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের রুটির ভেতর থেকে একটি ধারালো ব্লেড উদ্ধার হয়েছে। বুধবার (২২ জুলাই) হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীর নজরে ব্লেডটি পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিন খাওয়ার সময় রুটি ছিঁড়তে গিয়ে ভেতরে ব্লেডটি দেখতে পায়। সে তাৎক্ষণিকভাবে বিষয়টি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহারকে জানায়। পরে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও রুটির মধ্যে ব্লেডটি দেখতে পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করতে বৃহস্পতিবার সকালে আলমতাজ নামের ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলা হয়। ব্লেডটি আগে থেকেই চোখে পড়ায় তার কোনো শারীরিক ক্ষতি হয়নি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার জানান, বিষয়টি জানার পর গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।
এদিকে, কোমলমতি শিক্ষার্থীদের জন্য টিফিনের খাবার নিয়ে গাফিলতির ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা সরকারি টিফিনের মান ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ী সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘আইল্যান্ড ট্রেডিং করপোরেশন’ এর প্রতিনিধি আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম জানান, বৃহস্পতিবার সকালে তিনি স্কুলটি পরিদর্শন করেছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

