সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু ঘটে।
মারা যাওয়া শিশুটি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা আমিন মিয়ার ২ বছরের ছেলে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৪৮ জন রোগী ভর্তি রয়েছেন। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৮০ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ২৯৬ জন, সিলেটে ১৯৬ জন, হবিগঞ্জে ৬১ জন এবং মৌলভীবাজারে ২৭ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হওয়া ৭১ জনের মধ্যে বিভিন্ন হাসপাতালে রোগীদের সংখ্যা উল্লেখযোগ্য। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৮ জন এবং অন্যান্য হাসপাতালে ভর্তি রয়েছেন।

