বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১২, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ প্রকাশ: জুলাই ২৩, ২০২৬, ২:০০ অপরাহ্ণ

শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় বিআরটিএর সচেতনতামূলক সেমিনার

শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় বিআরটিএর সচেতনতামূলক সেমিনার

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নোয়াখালী সার্কেলের উদ্যোগে সড়ক দুর্ঘটনা হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) নোয়াখালী সদর উপজেলার গোপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এ সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে ৫৩ জন শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিআরটিএ সূত্র জানায়, নোয়াখালী জেলায় বছরব্যাপী সচেতনতামূলক সভা ও সেমিনার আয়োজনের সিদ্ধান্তের আলোকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সেমিনারে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাহবুব রাব্বানী এবং মোটরযান পরিদর্শক মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে ট্রাফিক সিগন্যাল মেনে চলা, পথচারী ও যাত্রীদের করণীয়, নিরাপদে সড়ক পারাপার, গণপরিবহনে নিরাপদ আচরণসহ সড়ক নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা মাহমুদ শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।