বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: জুলাই ২৪, ২০২৬, ৪:১০ পূর্বাহ্ণ প্রকাশ: জুলাই ২৩, ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয়’২৪ হলের ছাত্রীদের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে হলের ক্যান্টিনে কর্মরত ইমাম হাসান নামে এক ব্যক্তিকে আটক করেছেন ছাত্রীরা। এই ঘটনা ঘটে মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টায়।

এ ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তার দাবিতে বুধবার (২২ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ওয়াশরুমে একটি সন্দেহজনক মোবাইল ফোন দেখতে পেয়ে তারা বিষয়টি খতিয়ে দেখেন এবং পরে ইমাম হাসানকে আটক করেন।

শিক্ষার্থীদের দাবি, অভিযুক্তের মোবাইলে একাধিক গোপন ভিডিও পাওয়া গেছে এবং এসব ভিডিও বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে ছড়িয়ে দেওয়া হতো। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা দেখা দেয়। পরে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন।

যৌন হয়রানিমূলক অপরাধের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা জানান, অতীতে শিক্ষকদের দ্বারা যৌন হয়রানির ঘটনায় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। তাই তারা সুষ্ঠু বিচার ও দোষীর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজয় ’২৪ হলের প্রভোস্ট জানান, ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় তথ্য ও ব্যবস্থা গ্রহণ সম্পর্কে জানানো হবে।