ভারতের রাজধানী দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নফাঁস কেলেঙ্কারি ও শিক্ষাব্যবস্থায় সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ অব্যাহত রয়েছে। সম্প্রতি পুলিশের লাঠিচার্জের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে মুখ খুলেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে মোদি শিক্ষার্থীদের উদ্দেশে প্রশ্নফাঁসে জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস দেন। তিনি জানান, সরকার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যাতে প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলার বিচার দ্রুত সম্পন্ন করা যায়।
মোদি এক্সে দেয়া এক পোস্টে বলেন, ‘প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় আমাদের ধারাবাহিক পদক্ষেপের এটি একটি অংশ। যারা আমাদের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’
মোদি ঘোষণার পর ককরোচ জনতা পার্টি (সিজেপি) আবারও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছে। সংগঠনটি এক্সে এক পোস্টে লিখেছে, ধর্মেন্দ্র প্রধানকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

