বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: জুলাই ২২, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ২২, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ

দিল্লির শিক্ষার্থী বিক্ষোভে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ রাজনাথ সিংয়ের

দিল্লির শিক্ষার্থী বিক্ষোভে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ রাজনাথ সিংয়ের

দিল্লিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষার্থী ও তরুণদের ব্যবহার করার অভিযোগ তুলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বুধবার (২২ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, দিল্লির বিক্ষোভ অত্যন্ত উদ্বেগজনক। তিনি উল্লেখ করেন, কিছু মানুষ নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য শিক্ষার্থী ও তরুণদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।

রাজনাথ সিং দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার শিক্ষার্থী ও তরুণদের কল্যাণে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, শিক্ষার্থীদের উদ্বেগের কথা শোনা এবং সেগুলোর যথাযথ সমাধান করা সরকারের দায়িত্ব।

তিনি আরও বলেন, ভারতের সচেতন তরুণ সমাজ বিভ্রান্তিকর প্রচেষ্টা বুঝতে সক্ষম এবং তারা উন্নয়ন ও দেশ গঠনের পথই বেছে নেবে। রাজনাথ সিং বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা ক্ষোভের পরিবেশ তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

বর্তমানে সংসদের বর্ষাকালীন অধিবেশন চলছে এবং সরকার সব বিষয়েই অর্থবহ আলোচনায় প্রস্তুত। রাজনাথ সিং বলেন, গণতন্ত্রে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার যথাযথ স্থান সংসদ।

মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মের অভিযোগে আন্দোলন চলছে। পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের অনশন এবং শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক পুলিশি অ্যাকশনের প্রতিবাদে এই বিক্ষোভ নতুন মাত্রায় পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।