বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নিজস্ব আদর্শ থেকে বিচ্যুত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান। তিনি বলেন, বড় রাজনৈতিক দলে পরিণত হওয়ার তাড়নায় জামায়াত এই অবস্থায় পৌঁছেছে।
বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমালোচনা করেন। তিনি দাবি করেন, তরুণদের দল হলেও রাজনৈতিক অবস্থানের দিক থেকে এনসিপি জামায়াতকেও ছাড়িয়ে গেছে।
রাশেদ খান তার স্ট্যাটাসে উল্লেখ করেন, এনসিপির নেতাদের আচরণ জামায়াতের নেতাকর্মীদের মতো হয়ে গেছে। তিনি বলেন, জামায়াতের এমপির বিরুদ্ধে এনসিপির কোনো বক্তব্য নেই, বরং তারা তার পক্ষে অবস্থান নিয়েছে।
জামায়াতের অভ্যন্তরীণ সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খান বলেন, জামায়াত যদি তাদের এমপির বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে জনসম্মুখে মুখ দেখানো কঠিন হয়ে যাবে। তিনি উল্লেখ করেন, জামায়াতের উচিত এমপিকে দল থেকে বহিষ্কার করা, যদিও এতে তার এমপি পদ চলে যাবে।
রাশেদ খান বলেন, জামায়াতের তড়িঘড়ি করে বড় হওয়ার চেষ্টা তাদের আদর্শচ্যুত করেছে। তিনি দাবি করেন, এই কারণে জামায়াতের সামনে লস ও লোকসান ছাড়া কিছু নেই।

