ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থে কাজ করার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বিচারিক রায়ের পর মেহদি খানকি নামের ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মেহদি খানকির বিরুদ্ধে একটি ‘বিপ্লববিরোধী সন্ত্রাসী সংগঠনের’ সদস্য হওয়া এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থে অপারেশনাল কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয়েছিল।
ফার্স নিউজ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী কারাজ শহরে অভিযান চালিয়ে মেহদি খানকিকে গ্রেফতার করে। অভিযানে তার বাড়ি থেকে একটি অস্ত্রভাণ্ডার উদ্ধার করা হয়, যার মধ্যে পিস্তল, গুলি, বিস্ফোরক নিয়ন্ত্রণের রিমোট, হাতে তৈরি গ্রেনেড, কাঁধ থেকে নিক্ষেপযোগ্য বিস্ফোরক টিউব এবং উচ্চক্ষমতাসম্পন্ন বোমা অন্তর্ভুক্ত ছিল।
ইরানি কর্তৃপক্ষের দাবি, এসব অভিযোগের ভিত্তিতে বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

