নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন রুশ নাগরিক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। নিহতের নাম ইমন (২২), তিনি নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে।
দুর্ঘটনার পর আহত রুশ নাগরিকদের উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাদের ঢাকায় পাঠানো হয়। আহতদের মধ্যে চারজন নারী রয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ নাগরিকদের বহনকারী একটি বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাস ও ট্রাক দুটিই দুমড়েমুচড়ে যায়।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং আহতদের নিরাপত্তা নিশ্চিত করেন। পরে আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
তিনি আরও জানান, নিরাপত্তাজনিত কারণে রুশ নাগরিকেরা নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি। গুরুদাসপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার রুস্তম আলী জানান, দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় স্বাভাবিক করা হয়।