ময়মনসিংহে সিএনজি চালকরা গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে দিগারকান্দা এলাকায় তারা গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করার দাবিতে বিক্ষোভ শুরু করেন।
চালকদের অভিযোগ, কয়েক দিন ধরে জেলার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের অভাব দেখা দিয়েছে। তারা জানান, ভোর থেকে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করেও অনেক চালক গ্যাস না পেয়ে ফিরে যাচ্ছেন, যা তাদের জীবিকার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বিক্ষোভের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহ শহর ও আশপাশের প্রধান গণপরিবহন, গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটলে পুরো যাত্রী পরিবহন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিব্বিরুল আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত চালকদের সঙ্গে আলোচনা করে। পরে বেলা ১২টার দিকে চালকেরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

