সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন হাটবাজারে পেঁয়াজ ও রসুনের দাম কেজিপ্রতি ১০-১৫ টাকা বেড়ে গেছে। বুধবার (২২ জুলাই) সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজের দাম বর্তমানে ৫০ টাকা, যা মাত্র তিন দিন আগে ৩৫ টাকা ছিল। রসুনের দামও বেড়ে ৮০ টাকায় পৌঁছেছে, যা আগে ছিল ৭০ টাকা।
নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য এই মূল্যবৃদ্ধি চাপ সৃষ্টি করেছে। ক্রেতারা জানান, অতিরিক্ত ব্যয়ের কারণে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। কলারোয়া বাজারে কেনাকাটা করতে আসা মনিরুজ্জামান বলেন, ‘পেঁয়াজের দাম ৩০-৩৫ টাকার মধ্যে ছিল, কিন্তু এখন তা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে নিয়মিত তদারকি জরুরি।’
সরসকাটি বাজারের ক্রেতা আব্দুল মাজেদ জানান, তিন দিন আগে দুই কেজি পেঁয়াজ ৭০ টাকায় কিনেছিলেন, কিন্তু এখন একই পরিমাণ পেঁয়াজ কিনতে ১০০ টাকা লাগছে। বাজারের ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।
পেঁয়াজ বিক্রেতা আবুল কাশেম বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর নির্ভর করতে হচ্ছে। তবে ভারত থেকে আমদানি শুরু হলে দাম কমে আসবে বলে আশা করছি।’ কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন জানান, উত্তরবঙ্গ থেকে পেঁয়াজ ও রসুন সংগ্রহে দাম বেড়ে গেছে এবং বর্ষা মৌসুমের কারণে কিছুটা মূল্যবৃদ্ধি হয়েছে।
ক্রেতাদের অভিযোগ, পৌর এলাকার তুলনায় উপজেলার প্রত্যন্ত গ্রামীণ বাজারগুলোতে পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য আরও বেশি দামে বিক্রি হচ্ছে। বাজারে নিয়মিত তদারকির অভাবে কিছু ব্যবসায়ী ইচ্ছেমতো দাম নিচ্ছেন বলেও তারা জানান।

