হাকিকুল ইসলাম খোকন :
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের ৫০তম হত্যা দিবস উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় আলোচনা সভা, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম। সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা আনোয়ারুল হক।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক, বাংলাদেশের সাম্যবাদী দল (মা-লে)-এর পলিটব্যুরোর সদস্য মোশাহিদ আহমেদ, গণতান্ত্রিক মজদুর পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম আরা এবং গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ সেলিম। এছাড়া জাসদের বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য রাখেন।
বক্তারা শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি মুক্তিযুদ্ধের চেতনা, শোষণ-বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের এক অনন্য প্রেরণার উৎস। তারা দাবি করেন, কর্নেল তাহের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন এবং তাঁর আদর্শ আজও প্রাসঙ্গিক।
আলোচনা সভার আগে শহীদ কর্নেল আবু তাহেরের প্রতিকৃতিতে জাসদসহ বিভিন্ন বাম ও প্রগতিশীল রাজনৈতিক, শ্রমিক, যুব, নারী এবং ছাত্র সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে নেত্রকোনা জেলার পূর্বধলার কাজলা গ্রামে শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের সমাধিতে জাসদ কেন্দ্রীয় কমিটি, ময়মনসিংহ জেলা কমিটি ও নেত্রকোনা জেলা কমিটির নেতারা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে সংক্ষিপ্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও দিবসটি উপলক্ষে কর্নেল আবু তাহেরের অনুসারীদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেএসএফ সংগঠক হাজি আনোয়ার হোসেন লিটন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন।

