ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার (২১ জুলাই) তিনি বলেন, 'মোদিজি, এই দেশ আপনার বাপের নয়; এটি ১৪০ কোটি মানুষের।'
কেজরিওয়াল অভিযোগ করেন, মোদি সরকারের পুলিশ গতকালের (সোমবার) প্রতিবাদে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে এফআইআর (লিখিত অভিযোগ) দায়ের করেছে। তিনি হুমকি দেওয়ার বিরুদ্ধে সতর্ক করে বলেন, 'অন্যথায় এ দেশের মানুষ আপনাকে এমন শিক্ষা দেবে যে, একনায়কের শোচনীয় পরিণতির কথা ইতিহাস মনে রাখবে।'
সংবাদ সম্মেলনের আগে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়, দিল্লি পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে পাঁচটি এফআইআর দায়ের করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে শহরের শান্তি নষ্ট করার পেছনে কোনো বড় ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখতে।
এফআইআরগুলোতে দাঙ্গা, সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্ট করা এবং কর্তব্যরত সরকারি কর্মীদের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি করেছে এবং প্রায় ৭০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
সোমবার দিল্লিতে সংসদ ভবন অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে ককরোচ জনতা পার্টি (সিজেপি), যেখানে কয়েক হাজার তরুণ ও শিক্ষার্থী অংশ নেন। মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষায় (নিট) প্রশ্নপত্র ফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

