বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ২১, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ

সাভারে গণপিটুনিতে নিহত মানসিক ভারসাম্যহীন যুবক আবুল খায়ের

সাভারে গণপিটুনিতে নিহত মানসিক ভারসাম্যহীন যুবক আবুল খায়ের

ঢাকার সাভারে অটোরিকশা চুরির সন্দেহে গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এক মানসিক ভারসাম্যহীন যুবক। সোমবার (২০ জুলাই) রাতে হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন স্বজনরা।

নিহত যুবকের নাম আবুল খায়ের পাটোয়ারী (৩০), তিনি চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর দাসাদী গ্রামের বাসিন্দা এবং লোকমান পাটোয়ারীর ছেলে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। সোমবার সকাল ৯টার দিকে সাভারের উলাইল এলাকার আল ইসলাম গার্মেন্টসের পেছনে তাকে অটোরিকশা চোর সন্দেহে আটক করা হয়। স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা ধরে তাকে মারধর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক অটোরিকশাচালক খাবার খেতে যাওয়ার সময় তার ছোট ছেলেকে গাড়ি পাহারা দিতে বলে যান। এ সময় আবুল খায়ের শিশুটির কাছে খাবার চান এবং অটোরিকশার হ্যান্ডেলে হাত দিয়ে বসে ছিলেন। শিশুটি বিষয়টি বাবাকে জানালে তিনি তাকে চোর সন্দেহ করেন এবং লোকজন জড়ো হয়ে মারধর শুরু করেন।

স্বজনরা জানান, আবুল খায়ের রোববার ভোরে গ্রামের বাড়ি থেকে বেরিয়ে যান। সোমবার রাতে সাভার মডেল থানা থেকে কল পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন। তারা অভিযোগ করেন, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে নিশ্চিত হয়েছেন, তাকে পিটিয়েই হত্যা করা হয়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামরুন্নাহার জানান, সোমবার দুপুর ১টার দিকে দুই ব্যক্তি অটোরিকশায় করে যুবককে হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু পরীক্ষা করে দেখা যায়, তিনি আগেই মারা গেছেন। পুলিশ জানায়, ঘটনার পর গ্যারেজ মালিক নুরুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হলেও তাকে আটক করা হয়নি।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, এ ঘটনায় অটোরিকশাচালক সবুজ ওরফে শুভকে আটক করা হয়েছে এবং গ্যারেজ মালিকের বিষয়ে তদন্ত চলছে।