বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২৩, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ৬, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ

সৈয়দপুর পৌরসভায় চালকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

সৈয়দপুর পৌরসভায় চালকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় অটোরিকশা, ভ্যান, ইজিবাইক ও মিশুক চালকদের পক্ষ থেকে বার্ষিক পার্কিং চার্জ কমানোর দাবিতে পৌরসভা ঘেরাও করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির উদ্যোগে শতাধিক চালক ও শ্রমিক প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভের পর তারা পৌর কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে তারা সৈয়দপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাদের পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

চালকরা অভিযোগ করেন, সৈয়দপুর পৌরসভায় বার্ষিক পার্কিং চার্জ দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা নীলফামারী সদরসহ অন্যান্য পৌরসভায় এক হাজার টাকা। তারা এটিকে বৈষম্যমূলক দাবি করে বলেন, এই অতিরিক্ত চার্জ তাদের জন্য আর্থিক চাপ সৃষ্টি করছে।

শ্রমিক নেতারা মানবিক দৃষ্টিকোণ থেকে সৈয়দপুর পৌরসভার বার্ষিক পার্কিং চার্জ কমিয়ে এক হাজার টাকায় নির্ধারণের দাবি জানান। দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন তারা।