ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে তেল আবিবের রাজপথে নেমেছেন কয়েকশ বিক্ষোভকারী। পাশাপাশি দক্ষিণ লেবাননে চলমান হামলা বন্ধের দাবিও জানানো হয়।
শনিবার (৯ মে) দিবাগত রাতভর চলা এই বিক্ষোভে জনতা সরকারের যুদ্ধনীতি এবং অভ্যন্তরীণ বিভাজনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। আজ রোববার মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এতে বলা যায়, চলতি বছরের শেষের দিকে দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও তার আগেই ইরান ও লেবানন ইস্যু এবং কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে ছাড় দেওয়ার বিষয়টি নিয়ে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে চরম অস্থিরতা তৈরি হয়েছে।
বিক্ষোভ চলাকালীন বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপকালে ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত ডেভিড আলকান বর্তমান সরকারকে একটি ‘বিপর্যয়’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘এই সরকার জনগণকে প্রতিনিয়ত মিথ্যা এবং বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করছে।’
আলকান আরও বলেন, বহিরাগত শত্রু ইরানের চেয়েও তিনি ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজনকে দেশের জন্য বড় বিপদ হিসেবে দেখছেন। বিশেষ করে কট্টর অর্থোডক্স গোষ্ঠীগুলোর সামরিক সেবা দিতে অস্বীকৃতি জানানোর কঠোর সমালোচনা করেন তিনি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আন্দোলনের ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা সরকারের কঠোর সমালোচনা করে বিভিন্ন বিতর্কিত প্ল্যাকার্ড বহন করছেন। অনেক প্ল্যাকার্ডে ‘গণহত্যা বন্ধ করো’ এবং ‘৭ অক্টোবর ভুলে যাও’-এর মতো স্লোগান দেখা যায়।