March 16, 2026, 12:16 pm

ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে চোরাই স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল উদ্ধার; গ্রেফতার ২

ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে চোরাই ০৫ ভরি ১৪ আনা ০৫ রতি স্বর্ণালঙ্কার, নগদ ২৫,০০০ টাকা ও একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইলসহ দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৪৫ মিনিটের মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকার ৩৯/এ শেরেবাংলা রোডের বাসিন্দা মো. জহিরুল ইসলাম (৪৪), পিতা তোফাজ্জেল হোসেনের বাসার দরজার তালা খুলে গোপনে বসতঘরে প্রবেশ করে চুরি সংঘটিত করে।
চোরেরা ওই বাসা থেকে নগদ ২৫,০০০ টাকা, ৮টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের গলার হার, ৬টি স্বর্ণের আংটি, সর্বমোট প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার (আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা) এবং একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মোট প্রায় ১৪ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী মো. জহিরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ফতুল্লা থানায় এফআইআর নং-৪৩, তারিখ ১৩ মার্চ ২০২৬; ধারা ৩৮০/৪৫৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নানের তত্ত্বাবধানে মামলা রুজুর দুই ঘণ্টার মধ্যেই অভিযান পরিচালনা করা হয়। ফতুল্লা মডেল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শামীম হোসেন, এসআই (নিরস্ত্র) মো. রফিক বিপিএমসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
অভিযানের অংশ হিসেবে ১২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ফতুল্লা থানাধীন ফতুল্লা গ্রামের রহিম চৌধুরীর বাড়ির তৃতীয় তলার ডান পাশের একটি কক্ষ থেকে দুইজন আসামিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মো. পারভেজ (৪০), পিতা হাবিব, মাতা পারভীন, স্থায়ী ঠিকানা চৌরঙ্গপাড়া, থানা বন্দর, জেলা নারায়ণগঞ্জ। বর্তমানে ফতুল্লা রহিম চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া।
২. মো. মিয়াজ (২৯), পিতা আব্দুল কাদের, মাতা বিউটি বেগম, সাং মাঝকান্দিরচর, থানা মেহেন্দীগঞ্জ, জেলা বরিশাল।
পরে তাদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের হেফাজত থেকে চোরাইকৃত ৭টি চেইন, ২টি নেকলেস, ১টি ব্রেসলেট, ৪টি কানের দুলসহ মোট ০৫ ভরি ১৪ আনা ০৫ রতি স্বর্ণালঙ্কার, নগদ ২৫,০০০ টাকা, একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুজনই পেশাদার চোর। তারা বিভিন্ন বাসাবাড়ির তালা ভেঙে গোপনে প্রবেশ করে মালামাল চুরি করত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আজ আদালতে রিমান্ড আবেদনসহ সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা